বেশ কয়েকটি দেশ সফলভাবে সফর শেষে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান দলের কেন্দ্রীয় নেতারা।
দেশে ফেরার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সেখানে তিনি আমীরে জামায়াতের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
মাসুদ লিখেছেন, “আমাদের মতো ছোট ছোট কর্মীদেরকেও এই অকৃত্রিম স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখেন আমাদের প্রিয় রাহবার, মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আপনার নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বিনির্মাণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।”
তার এই পোস্টটি মুহূর্তের মধ্যেই জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে অসংখ্য শেয়ার ও প্রতিক্রিয়া পায়। অনেকেই মন্তব্যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান গত ১৯ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখান থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ইসলামী আন্দোলনের অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।
দেশে ফেরার পর আমীরে জামায়াতকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা।
জামায়াত নেতারা আশা প্রকাশ করেছেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত হবে।