জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। অভিযোগ, পাটওয়ারী গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে এক গোলটেবিল বৈঠকে পাটওয়ারী বলেন, “বিএনপির (যুবদলের) ঢাকা মহানগরের একজন নেতা নয়ন, সে যে পরিমাণ টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েও বাংলাদেশে একটি গণভোট আয়োজন করা সম্ভব।” এই মন্তব্যের পর নয়ন ক্ষোভ প্রকাশ করে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর নয়ন নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছ থেকে জাতি এসব আশা করে না। যারা এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তাদের হয় মাথায় সমস্যা, না হয় মাদকাসক্ত, নাহলে অন্য কোনো এজেন্ডায় কাজ করছে। হয়ত টাকার বিনিময়ে এসব করছে।”
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই সদস্য সচিব অভিযোগ করেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময় বিএনপি নেতাদের নিয়ে আজেবাজে কথা বলেন। তিনি অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আমার বিষয়ে তিনি যা বলেছেন, তার কোনো প্রমাণই নেই।”
নয়ন আরও বলেন, “চাঁদাবাজি তো দূরের কথা, কেউ প্রমাণ করতে পারবে না আমি কারও কাছ থেকে এক টাকাও নিয়েছি। আমার নামে রাজনৈতিক মামলা ছাড়া অন্য কোনো মামলা নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ও মামলাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। দুই দলই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে একই রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলেও সাম্প্রতিক এই বিরোধ তাদের ঐক্যে ফাটল ধরাতে পারে।