বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই সনদের ওপর গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়াই যুক্তিযুক্ত। এতে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে এবং সনদের আইনি ভিত্তি আরও মজবুত হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, “জুলাই সনদ বাংলাদেশের জন্য নতুন ইতিহাস ও মাইলফলক। এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই এর আইনি বৈধতা প্রতিষ্ঠায় গণভোটের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করা হলেও বাংলাদেশের বাস্তবতা হলো—পরবর্তী সরকার সহজেই তা পরিবর্তন করে ফেলে। কিন্তু গণভোট হলে এটি জনগণের সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে।”
শিবির সভাপতি মনে করেন, দেশের শিক্ষার্থী ও ক্যাম্পাসগুলো ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। “জুলাই-আগস্ট আন্দোলন ছিল তরুণ প্রজন্মের চিন্তার জাগরণ,” বলেন তিনি। “এখন মানুষ ফ্যাসিবাদী রাজনীতি নয়, গঠনমূলক পরিবর্তন চায়।”
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় রাজনীতিতেও এই পরিবর্তন দেখা যাবে। “যারা সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করবে, ভবিষ্যৎ রাজনীতিতে তারাই সফল হবে,” যোগ করেন জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা হাফেজ আবু মুসা, গোলাম জাকারিয়া, সাবেক সভাপতি আব্দুল মান্নান, ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ অনেকে।