আসন্ন জাতীয় নির্বাচনকে ‘লাউ কদুর ইলেকশন’ বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষায়, “লাউ হলো বিএনপি আর কদু হলো জামায়াত— এই দুই দল একসাথেই চারদলীয় জোটে ছিল, এখন আবার ভিন্ন নামে সেই ঐক্যের পুনরাবৃত্তি ঘটছে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। নাসীরুদ্দীন বলেন, “জুলাই আন্দোলনের সময়ও এরা একই ছিল। এখন যে নির্বাচন আসছে, সেটিও তাদের তৈরি করা একটি নাটক। আমরা বাংলাদেশে আর কোনো লাউ বিএনপি বা কদু জামায়াতের ইলেকশন দেখতে চাই না।”
তিনি অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত এখন ভেতরে ভেতরে সমঝোতা করে নতুন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নাসীরুদ্দীনের ভাষায়, “একটি দলের এক পা ভারতের মাটিতে, আরেকটি দলের পা পাকিস্তানে। অথচ তারা দাবি করছে, তারা জাতীয়তাবাদী রাজনীতি করে— এটি জনগণকে প্রতারণার সামিল।”
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে, এখন জনগণ সেই পুরনো ‘লাউ কদু জোটের’ রাজনীতিতে ফিরতে চায় না। জুলাই বিপ্লবের চেতনায় নতুন প্রজন্ম এখন ফ্যাসিবাদবিরোধী ও জনগণকেন্দ্রিক রাজনীতি চায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী জোর দিয়ে বলেন, “এনসিপি কোনো পুরনো ফর্মুলার অংশ হবে না। আমরা জনগণের সঙ্গে থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।”