দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন,
“আপা আর ফিরে আসবেন না। আপা যদি তার প্রভুর কাছে পালিয়ে না যেতেন, তাহলে হয়তো ফেরার সুযোগ থাকত। কিন্তু এখন আপার রাজনীতি মৃত, তাই তিনি আর ফিরবেন না।”
রোববার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা: ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মাহমুদুর রহমান আরও বলেন,
“আগে সাংবাদিকরা ছিলেন সিংহ। এখনকার সাংবাদিকরাও সিংহ, তবে দুই জাতের সিংহের পার্থক্য আছে। আগের সিংহরা গর্জন দিলে সিংহাসন কেঁপে উঠত, আর এখনকার সিংহরা সার্কাসের সিংহের মতো—ক্ষমতার চেয়ারের নিচে বসে শুধু লেজ নাড়ে।”
তিনি আরও বলেন,
“গত ১৫ বছরে আমরা সাংবাদিকতার নামে সার্কাসের পোষা সিংহদের দেখেছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। সেই তথাকথিত বড় বড় সম্পাদকরা হাসিনার দরবারে গিয়ে তাকে তোষামোদ করেছে, তেলের বন্যা বইয়ে দিয়েছে।”
মাহমুদুর রহমান বলেন,
“গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা হবে সেই শেরে বাংলার সিংহের সাংবাদিকতা, যে সিংহের গর্জনে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“সাংবাদিকতার জন্য জ্ঞান অর্জন অপরিহার্য। তাদের বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশন করতে হবে।”
সেমিনারে আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি খো আমিনুল ইসলাম খসরু, রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনিসুর রহমান খান স্বপন এবং সাংবাদিক নেতা আজাদ আলাউদ্দিন।