ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণ ও বিদেশি প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আমাদের সামনে একটি সুযোগ এসেছে।
এই সুযোগ কাজে লাগাতে আমরা ইসলামী দলগুলো ঘোষণা দিয়েছি—আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। কিন্তু এই ঘোষণার পর এক শ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন কিছু হুজুরকে কেনার চেষ্টা করছে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, “গত ৫৩ বছর ধরে আমরা পরগাছার মতো অন্যের ওপর নির্ভরশীল থেকেছি। এখন সময় এসেছে ইসলাম নামের গাছকে নিজ পায়ে দাঁড় করানোর। সারা দেশে ইসলামের পক্ষে যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, তা যদি কাজে লাগাতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”
তিনি বলেন, “আমরা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি, তাহলে কোনো চোর, দুর্নীতিবাজ, খুনি বা বিদেশি দালাল এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এই সুযোগ হাতছাড়া করা চলবে না।”
রেজাউল করীম আরও বলেন, “এ দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। অথচ মানবরচিত কুফরি তন্ত্রের অধীনে এই দেশকে চালিয়ে পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র বানানো হয়েছে। এই তন্ত্রই আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে।”
সভায় সভাপতিত্ব করেন মুফতি ইয়াসিন নবীপুরি এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানসহ জেলা পর্যায়ের ওলামা-মাশায়েখ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।