নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) জনগণের আস্থাহীন ও প্রশ্নবিদ্ধ। তাই কমিশনকে দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই—অবশ্যই পদত্যাগ করতে হবে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
তিনি বলেন, “এই কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে—এমন বিশ্বাস জনগণের নেই। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পথে যেতে হলে যে বিষয়গুলো সমাধান প্রয়োজন, সেগুলো আমরা কমিশনের কাছে তুলে ধরেছি।
কিন্তু তারা যদি পদক্ষেপ না নেয়, তাহলে তাদের পদত্যাগ ছাড়া বিকল্প থাকবে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় নির্বাচন কমিশন চলতে পারে না।
আমরা ইসিকে সতর্ক করেছি—তারা যদি অনিয়ম ও সমস্যাগুলোর সমাধান না করে, তাহলে আমরা তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হবো।”
গত জাতীয় নির্বাচনের সময় বিতর্কিতভাবে কিছু দলের নিবন্ধন প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছিল বিভিন্ন প্রভাবশালী মহলের চাপে।
কিন্তু গত এক বছরে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি। এসব বিষয়ে ইসিকে উদ্যোগ নিতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত হতে হবে।
কমিশনারদের কোনো রাজনৈতিক দলের অনুগত হয়ে চলা উচিত নয়। একটি স্বচ্ছ গাইডলাইন প্রণয়ন জরুরি, যাতে নির্বাচন কমিশন সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারে।”