বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন কমিশনের একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার। তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে এই ঐতিহাসিক সনদে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের স্বাক্ষর নেওয়া হবে।
খালেদা জিয়া বর্তমানে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বুধবার রাতে তাঁকে সেখানে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বর্তমানে স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জানান, খালেদা জিয়ার মতো শীর্ষ রাজনৈতিক নেতাদের অংশগ্রহণেই জুলাই সনদ পূর্ণতা পাবে। তাঁরা আশা প্রকাশ করেন, বিএনপি এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবে, যাতে দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন গণতান্ত্রিক অধ্যায় শুরু করা যায়।
এদিকে রাজনৈতিক মহলে জুলাই সনদকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ হলে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক।