জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর-টিআর বাদ দেন, নির্বাচনে আসেন। মানুষ যাকে ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সরকার গঠন হবে। এরপর জনগণের প্রতিনিধি হয়েই এসব সমস্যার সমাধান করতে হবে।”
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, বরং নিজেদের অবস্থান পরিষ্কার করছি। কিছু দল এখন পিআর বা ট্রান্সফারেবল ভোটের কথা বলছে, কিন্তু এতে মূল সমস্যা সমাধান হবে না। গণতন্ত্রের প্রকৃত রূপ হলো সরাসরি ভোটে জনগণের রায়।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে অপ্রয়োজনে ব্যস্ত করার কোনো মানে হয় না। কয়েকটি দল নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব, আমরা সেই গণআকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাই।”
নির্বাচন বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “ভোটের ব্যাপারে কোনো আপস করা হবে না। জনগণও কোনো আপস করবে না।” তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, ফ্যামিলি কার্ড চালু করা, এবং দুর্নীতি দমনসহ গণতান্ত্রিক সংস্কার প্রতিষ্ঠা করা।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। জনগণের ভোটই হবে সেই পরিবর্তনের একমাত্র পথ।”