রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) হাতে পাননি। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও লগইন করতে পারছেন না। ফলে নানা ধরনের একাডেমিক ও প্রশাসনিক সেবার বাইরে থাকতে হচ্ছে তাদের।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আইডি কার্ডের অপেক্ষায় থাকলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে পরিচয় নিশ্চিতকরণ, লাইব্রেরি ব্যবহার, টিউশনির ক্ষেত্রে নিজের পরিচয় যাচাইকরণ সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
জবির সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইফফাত ফিয়া “আমরা মাস্টার্সে অধ্যয়নরত আছি। কিন্তু এখনও আইডি কার্ড পাইনি। ফলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ ক্যাম্পাসের বাইরের বাসে পরিচয় নিশ্চিতকরণ করতে পারছি না।
ফলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। পাশাপাশি সম্প্রতি ওয়েবসাইটও লগইন করতে পারছি না। যার কারনে আবাসন বৃত্তির আবেদন সহ একাধিক জুরুরি প্রয়োজনে ভোগান্তির সম্মুখীন হচ্ছি।”
আইডি কার্ড না পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বিষয়টি খোঁজ নিবেন এবং তা সত্য হলে দ্রুত আইডি প্রদানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
ওয়েবসাইটে লগইন না করতে পারার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন
, “আমাদের রেজাল্ট প্রসেসিং সিস্টেমটা নিয়ে কিছু কাজ করতে গিয়ে এই সমস্যাটি হয়েছে। এই অংশটুকু আমরা যখন কন্ট্রোলার দপ্তরের আন্ডারে দিয়েছি তখন এটা মাইগ্রেট করছে অন্য সার্ভারে।
যার কারনে ২২ সেপ্টেম্বরের পরে যারা নতুন আইডি পেয়েছিলো অর্থাৎ মাস্টার্সের শিক্ষার্থীরা এই ভোগান্তির সম্মুখীন হয়েছেন। আশা করছি কালকে সকাল থেকে ঠিক হয়ে যাবে কারন রাতেই আমরা কাজটা করে রাখবো।
আইডি কার্ড ও ওয়েবসাইটে লগইন সমস্যা নিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে এই প্রথম এটি জানতে পারলাম। আমি যথাসম্ভব দ্রুত বিষয়টি সম্পর্কে তথ্য নিয়ে সমস্যাটি সমাধানের ব্যবস্থা করছি।”