বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ—এমন খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। শনিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেন।
তিনি বলেন, “তারেক রহমান অসুস্থ—এমন সংবাদ সম্পূর্ণ গুজব। তিনি সুস্থ আছেন এবং নিয়মিত দলের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।”
দলীয় সূত্র জানায়, তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং প্রতিদিন দলের আন্তর্জাতিক যোগাযোগ, নীতিনির্ধারণী বৈঠক ও সাংগঠনিক বিষয়গুলোতে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি বিএনপির নীতি-নির্ধারণী সভায় নিয়মিত অনলাইন অংশগ্রহণ করছেন এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন বলেন, “আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই—অসত্য, গুজব বা উদ্দেশ্যমূলক তথ্য প্রচার না করে দায়িত্বশীল সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখুন।”
দলটির পক্ষ থেকে আবারও জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ সুস্থ আছেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে দৃঢ়প্রতিজ্ঞ।