মো. বদরুল আলম, সখীপুর
অনুমতি ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ভালুকা–সখীপুর (জে-৩০০৩) সড়কে সংস্কার কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, মির্জাপুর উপ-বিভাগ, টাঙ্গাইল।
রবিবার (৫ অক্টোবর) উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি লাবীব গ্রুপের প্রধান কার্যালয়ের ঠিকানায় প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ভালুকা–সখীপুর (জে-৩০০৩) সড়কটি টাঙ্গাইল সড়ক বিভাগাধীন একটি গুরুত্বপূর্ণ জেলা মহাসড়ক। সড়কটি বর্তমান অর্থবছর (২০২৫–২০২৬)-এর প্রস্তাবিত পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রাম (মেজর–সড়ক)-এর ১নং অগ্রাধিকার তালিকাভুক্ত রয়েছে। চলমান অতিবৃষ্টিতে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বিভাগীয়ভাবে তাৎক্ষণিক মেরামতের মাধ্যমে যানবাহন চলাচল উপযোগী রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সরকারি সড়কে অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মেরামত কাজ করার আইনগত সুযোগ নেই। সড়ক উন্নয়ন বা মেরামতের কাজ অনুমোদিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী সম্পন্ন করতে হয়, অন্যথায় সড়কের দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।
এমতাবস্থায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুমতি ব্যতীত উল্লিখিত সড়কে কোনো ধরনের মেরামত কাজ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়কের দুরবস্থার চিত্র প্রকাশ পেলে বিষয়টি লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের নজরে আসে। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে আজ (৫ অক্টোবর) সংস্কার কাজ শুরু করেন।