মোহাম্মদ তারেক রামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নতুন করে উজ্জ্বল হলো রামগঞ্জে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামগঞ্জ পৌর বিএনপি নেতারা বুধবার রাতে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে শুভেচ্ছা জানান।
পরিদর্শনে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা। সঙ্গে ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক হাশেম খান, যুবদল নেতা সুমন চৌধুরী, ডা. আরমান খান, এবং রাসেল আটিয়া প্রমুখ।
তারা প্রতিটি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে একত্রে থাকার আহ্বান জানান। বিএনপি নেতারা বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশ সব ধর্মের মানুষের মিলনস্থল। আমরা চাই, রামগঞ্জে যেন প্রতিটি ধর্মের মানুষ আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারে।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিএনপি নেতাদের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,
“এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়িয়ে দেয়।”
এই সফর শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং রামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহাবস্থানের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।