আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা উৎসব ২০২৫
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মো. আবদুস সাত্তার বিএসসি এবং উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান।
অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৯৬ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজনকে গোল্ড মেডেল এবং চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর এই মেধাবী শিক্ষার্থীরা।
তাদের জ্ঞান, শ্রম ও সততার মাধ্যমে আগামী দিনে একটি উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।