অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অগ্রগতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার কথা তুলে ধরেন। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (সার্ক পুনরুজ্জীবন), রোহিঙ্গা সংকট এবং ভ্রান্ত তথ্য প্রচারের মতো বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। তিনি কক্সবাজারে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। মার্কিন কর্মকর্তারাও এ বিষয়ে আশ্বাস দেন।
অধ্যাপক ইউনূস বলেন, সার্ক প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় অবস্থায় আছে। অন্তর্বর্তী সরকার এটিকে পুনরুজ্জীবিত করতে চায়। এছাড়া, তিনি বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে নিতে আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন এবং নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এদিন প্রধান উপদেষ্টা একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনা, সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক এবং নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে আলোচনা তার সূচিতে ছিল।
দুপুরে তিনি যোগ দেন ফ্যাশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত বার্ষিক ফার্স্ট লেডিস লাঞ্চে। বিকালে সামাজিক উদ্ভাবন বিষয়ক এক বৈঠকে অংশ নিয়ে তিনি সরকারি-বেসরকারি খাতের সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা।