মুন্সিগঞ্জ প্রতিনিধি
গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় এক ফ্ল্যাটবাসা থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলায় ভাড়া করা একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদর উপজেলার বাগ মামুদালী গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি মুন্সিগঞ্জ শহরে মেডিস্টার ও রেনেসা নামের দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্কাস আলী প্রায় ১৫-২০ দিন আগে তার বন্ধু জাহিদ হাসান ডালীর বাসায় বেড়াতে আসেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে তিনটার মধ্যে কোনো একসময় ফ্ল্যাটের ভেতর সিলিং ফ্যানে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ব্যবসায়িক লোকসান ও ঋণের কারণে আক্কাস আলী আর্থিক সংকটে ভুগছিলেন। এ কারণে তিনি পরিবারিক অশান্তি ও মানসিক চাপে ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।