বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরে আসবেন এবং সরাসরি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
সোমবার দুপুরে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা এবং নিরাপত্তার বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
ব্যারিস্টার সালাম বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিলে তারেক রহমানই দেশের দায়িত্ব গ্রহণ করবেন।” তিনি আরও উল্লেখ করেন, দেশের জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ এবং প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে সাধারণ মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাবেন।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি দল যেভাবে পিআর দাবি করছে, তা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয়। এদেশের সাধারণ মানুষের কাছে পিআর একটি অচেনা ধারণা। তাই অযথা এ দাবি জনগণ গ্রহণ করবে না।”
সিলেট-৩ আসন থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে ব্যারিস্টার সালাম বলেন, “এই আসনের মাটি ও মানুষের সঙ্গে আমার যে দীর্ঘ সম্পর্ক, তার ভিত্তিতেই আমি আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দেবে।”
রাজনৈতিক মহলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা জল্পনা থাকলেও ব্যারিস্টার সালামের এ ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে—আসন্ন নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের পরিবর্তন আসবে।