মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা :
ভোলা সদর উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় ওয়াসিফা তালুকদার (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় পুকুরের ঘাটলায় তার ব্যবহৃত জুতা পড়ে ছিল। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া রিজার্ভ পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নেত্রকোনা জেলার মৃত মো. সোহেল তালুকদারের মেয়ে।
তারা ভোলা শহরের পৌরসভা ৭
নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ওয়াসিফার বাবা সোহেল এক সময় ভোলা’র বন বিভাগে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর তার মা খাদিজা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভোলায় বোনের কাছে ভাড়া বাসায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার শিশু ওয়াসিফার নানা অসুস্থ থাকায় তাকে দেখার জন্য গ্রামের বাড়ি মাগুড়ায় যান মা খাদিজা।
এ সময় তিনি মেয়ে ওয়াসিফা ও নবম শ্রেণিপড়ুয়া বোনের মেয়ে হাবিবাকে বাসায় রেখে যান। বিকেলের দিকে ওয়াসিফাকে বাসায় না দেখে বিষয়টি মোবাইলে খাদিজাকে জানায় হাবিবা। পরে সন্ধ্যা পর্যন্ত ওয়াসিফা আর বাসায় ফেরেনি। পরবর্তীতে সকালে স্থানীয়রা রিজার্ভ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে মরদেহটি ওয়াসিফার বলে শনাক্ত করেন তার খালাতো বোন হাবিবা।
ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচানাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।