সানজিদা খানম ঊর্মি, গবি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আন্তঃবিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলেদের খেলায় ইংরেজি বিভাগকে হারিয়ে বাংলা বিভাগ এবং মেয়েদের খেলায় ইংরেজি বিভাগকে হারিয়ে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ বিজয়ী হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের খেলায় ইংরেজি বিভাগকে ২-১ গোলে পরাজিত করে বাংলা বিভাগ। অন্যদিকে মেয়েদের খেলায় ইংরেজি বিভাগকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মেয়েরা।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় (ছাত্র) নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ফয়সাল আহমেদ শীতল এবং ম্যাচ সেরা হয়েছেন চ্যাংলক। এছাড়া ১০টি গোল করে সেরা গোলদাতা হয়েছেন ইংরেজি বিভাগের কাফসাত তাইয়্যুশ এবং সেরা গোলকিপার হয়েছেন ইংরেজি বিভাগের রবিন। মেয়েদের খেলায় টুর্নামেন্ট সেরা হয়েছেন ইংরেজি বিভাগের সেলিনা আক্তার, সেরা গোলকিপার মীম, সেরা গোলদাতা সমাজবিজ্ঞান বিভাগের মার্জিয়া (১০ গোল) এবং ম্যাচ সেরা হয়েছেন মারিয়া আক্তার।
দিনের শুরুতে ছেলেদের খেলায় প্রথমে নজরুলের পেনাল্টি গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলা বিভাগ। এরপর প্রথমার্ধেই ইংরেজি বিভাগের তাইয়্যুশ পেনাল্টিতে গোল করে খেলায় সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে চ্যাংলকের গোলে জয় নিশ্চিত করে বাংলা বিভাগ। অপরদিকে মেয়েদের ফাইনালে পেনাল্টির মাধ্যমে অধিনায়ক মার্জিয়ার একমাত্র গোলে ইংরেজি বিভাগকে হারিয়ে শিরোপা ঘরে তোলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘আজকের দিনটি খুবই প্রতীক্ষিত। ফুটবল প্রতিযোগীতায় চ্যালেঞ্জ ছিলো, কখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তা নিয়ে সবসময়ই শঙ্কা ছিলো। তবে সব প্রতিকূলতা কাটিয়ে সুন্দর এবং সুষ্ঠু প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এরজন্য খেলোয়াড়, ক্রীড়া কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে প্রতিযোগিতার এমন চর্চা অব্যাহত থাকবে এবং জাতীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখবে।’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৭টি দল এবং মেয়েদের ১৪টি দল অংশ নেয়। গত ২৪ আগস্ট এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।