ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদরাসার মোহাদ্দিস মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে (৪৫) নিজ বাসায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ।
নিহত আমিনুল ইসলাম নোমানী ওই এলাকার মৃত এনামুল হকের ছেলে। তিনি হেফাজতে ইসলামী বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এশার নামাজ শেষে বাসায় একা অবস্থানকালে দুর্বৃত্তরা ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী-সন্তান তখন বেড়াতে শ্বশুরবাড়িতে ছিলেন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলামী বিভিন্ন দলের নেতাকর্মীরা রাতেই হাসপাতালে জড়ো হয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
তারা ঝটিকা মিছিল বের করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে ঘটনার পরপরই সদর মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তারা কাজ করছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন ওসি হাচনাইন পারভেজ।