ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না—হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আবারও তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন আলমপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আক্কাস আলী। বক্তব্যে এটিএম আজহারুল বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে জনতার একটি বড় পাওয়া।
তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় জুলাই সনদের ভিত্তি ও রাজনৈতিক দলগুলোর সম্মতির বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে পরবর্তী সরকার রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
এটিএম আজহার অভিযোগ করে বলেন, “যে হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছিল, সেই ফ্যাসিস্ট হাসিনা আজ নিজেই দেশছাড়া। পাপ কখনো কাউকে ছেড়ে দেয় না।” তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের জোয়ারে ভোটচোর হাসিনা তার দলবল নিয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে।
অথচ হাসিনা নিজেই বলেছিলেন, শেখের মেয়ে কখনো পালাবে না। কিন্তু বাস্তবতা হলো, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। আর ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না, তারই প্রমাণ আজকের এই পরিস্থিতি।
নিজের জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জেলে থাকতে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। তবুও ন্যায়ের পক্ষে লড়াই ছাড়িনি।”
এ পথসভা শেষে তিনি ইউনিয়নের মুসির মোড়, চিকলি বাজারসহ আশেপাশের বেশ কয়েকটি স্থানে গিয়ে স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং সন্ধ্যা পর্যন্ত সভায় অংশ নেন।