জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি টেলিভিশনের এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “যে দেশ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, সে দেশের মানুষ তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে।”
তিনি জানান, এনসিপি বিএনপিকে বিরোধী হিসেবে দেখে না, বরং রাজনৈতিক দল হিসেবে কিছু কাজের সমালোচনা করে থাকে। বিএনপির নেতৃত্ব, বিশেষ করে বেগম জিয়ার আপোষহীন ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “১৯৭৯ সালে জন্ম নেওয়া বিএনপি বেগম জিয়ার হাত ধরে গণমানুষের দলে পরিণত হয়েছে।”
তারেক রহমানের দেশে ফেরার আহ্বান জানিয়ে মাসউদ বলেন, “দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের নেওয়া দরকার। এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দূর থেকে দেশের মানুষকে গভীরভাবে অনুভব করা যায় না।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের শিকার হওয়া ভাই হিসেবে দেখি, তবে সবাই তো একরকম না। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি।”
আবদুল হান্নান মাসউদের এ বক্তব্য দেশের রাজনীতিতে ইতিবাচক সংলাপের ইঙ্গিত দেয়। মতভেদ থাকলেও রাজনৈতিক শিষ্টাচার ও দায়িত্ববোধ বজায় রেখে আলোচনা ও সমালোচনার চর্চা গণতন্ত্রকে শক্তিশালী করে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এমন আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।