বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে।
এসময় এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে ফুলের তোড়া গ্রহণ করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান সারজিস আলম। তিনি লিখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।
অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই এখন আমাদের প্রত্যাশা।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক মহলে এনসিপির এই শুভেচ্ছা বিনিময়কে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
বিএনপি ও এনসিপির মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।