জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, অনেকেই এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে। কিন্তু জাতীয় পার্টি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না, তাই সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। তিনি দৃঢ়ভাবে বলেন, এসব চক্রান্ত শেষ পর্যন্ত নস্যাৎ হয়ে যাবে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন,
“গতকাল (শনিবার) সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং সন্ত্রাসীদের প্রতিহত করেছে।”
তিনি আরও বলেন,
“আরপিও অনুযায়ী যে ধরনের কর্মকাণ্ড করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি কখনো সেসব কাজ করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করছে, তাদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আশা করি সরকারও এমন ভ্রান্ত দাবির ভিত্তিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির মহাসচিব বলেন,
“সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে তার জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে চালিয়ে যাব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র ভেস্তে যাবে। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলে এই দেশকে বাঁচাতে হবে।”