গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক বর্বর হামলার নিন্দা জানিয়ে সরকারের প্রতি কঠোর সমালোচনা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, নুরের ওপর এমন নৃশংস আক্রমণ আওয়ামী লীগ সরকারের সময়েও ঘটেনি, অথচ বর্তমান সরকারের আমলে ঘটেছে। তাই এর সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “গণতান্ত্রিক রাজনীতির ময়দানে যে কোনো ধরনের মতবিরোধ স্বাভাবিক। কিন্তু একজন জাতীয় নেতার ওপর প্রকাশ্যে হামলা চালানো কখনোই গ্রহণযোগ্য নয়। নুরের ওপর হামলা প্রমাণ করে এখনো রাষ্ট্রের ভেতরে গভীর ষড়যন্ত্র সক্রিয় আছে।”
তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি বড় শক্তি। তাই ইচ্ছাকৃতভাবে নুরকে টার্গেট করা হয়েছে। সরকারকে বুঝতে হবে, এই আক্রমণ শুধু নুরের ওপর নয়—এটি পুরো দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আঘাত।”
উপদেষ্টা আসিফের মতে, ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে, তারা রাজনৈতিক সহিংসতাকে প্রশ্রয় দেয় না। অন্যথায় এই সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।