গণঅধিকার পরিষদ স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার উপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার দায় স্বীকারের দাবি জানিয়ে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ মন্তব্য করেন।
রাশেদ খান জানান, নুরুল হক নুরের উপর হামলার সঙ্গে লাল শার্ট পরিহিত ব্যক্তির কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তি আসলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে। নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। তিনি বলেন, “সেনাবাহিনী নুরের বুকে খুচা দিয়েছে, বুট দিয়ে পেটিয়েছে। এটি কোনো ধরনের বর্বরতা। নুরের অবস্থা আশঙ্কাজনক, তাকে দেশের বাইরে নেয়া লাগতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করেছে? সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআইয়ের সঙ্গে জাতীয় পার্টির দেন-দরবার চলছে, তাদের বিরোধী দল বানাতে চায়।”
রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার এই ঘটনার সঙ্গে কোনো দায় আছে কি না, নির্দেশনা ছিল কি না, তা আমাদের জানতে হবে। দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। চুপ থাকলে আমরা ধরে নেবো, আপনি এই ঘটনার সঙ্গে জড়িত। আপনার পদে থাকার কোনো অধিকার নেই। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের পক্ষ থেকে আইনি পদক্ষেপের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনা ও পুলিশের নামে মামলা করার পরিকল্পনা রয়েছে।