রাশিমুল হক রিমন, বরগুনা
সারাদেশের মতো বরগুনাতেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার তাসফিয়া তাসনিম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
তাসফিয়া বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল সড়কের বাসিন্দা নাসিম ফারুকের মেয়ে। তিনি জেলার এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, এ পর্যন্ত বরগুনা জেলায় ৫ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮২৭ জন।