গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।”
বিবৃতিতে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, “গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না।
সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।” তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ কর্মসূচি ও মত প্রকাশের অধিকার গণতন্ত্রের অন্যতম শর্ত, আর সেটি রক্ষা করা সবার দায়িত্ব।
বিএনপি মহাসচিব নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি মনে করেন, রাজনৈতিক সহিংসতা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং এ ধরনের হামলা রাজনৈতিক সহনশীলতার অভাবকে স্পষ্ট করছে।
এর আগে রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় নুরসহ বহু নেতাকর্মী আহত হন।
রক্তাক্ত অবস্থায় নুরকে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
রাজনৈতিক অঙ্গনে এই হামলা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি নূরের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।