আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
অস্ত্রের মুখে এক শিক্ষকের পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মিয়াজী বাড়িতে।
জানা গেছে সোমবার দিবা পূর্ব রাত দেড়টার দিকে ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল আলমের বসতবাড়িতে প্রায় ১০/১১ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ওই শিক্ষকের তিনতলা নির্মাণাধীন ভবনের নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা বসতবাড়ি ও পাশের টিনশেড কক্ষের আলমারি, শোকেস ও ওয়ারড্রপ ভেঙে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদল ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) একেএম ইমরান খান, সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশরাফ উদ্দিন।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, “খুব শিগগিরই এই ডাকাতির সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু হবে।” স্থানীয়দের দাবি, এলাকায় রাতের বেলায় নিয়মিত টহল না থাকায় এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।