সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির সঙ্গে অভ্যস্ত নয়, তাই এই কাঠামো তাদের অধিকারকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফখরুল জানান, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ হলো একটি জাতীয় নির্বাচন।
তিনি বলেন, “মানুষ আজ নির্বাচন চায়। দেশের সংকট নিরসনের একমাত্র সমাধান হচ্ছে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গেও বিএনপি মহাসচিব মন্তব্য করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সবার অংশগ্রহণে সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেটাই প্রত্যাশা। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, কেউ সংস্কার চাইছে না সেটি তাদের দলের অভ্যন্তরীণ বিষয়।
চিকিৎসা শেষে দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।