আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ
নোয়াখালীর সেনবাগ ফাজিল মাদ্রাসার দীর্ঘ ৮৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন আজীবন দাতা সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
সম্প্রতি তিনি নিজ উদ্যোগে ২ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এ ধরণের অবদান এই প্রথম, যা স্থানীয় শিক্ষার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
লায়ন সৈয়দ হারুনের পক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) পে-অর্ডারের কপি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেনের নিকট হস্তান্তর করেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী মো. আবদুস ছাত্তার, সেনবাগ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব। এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। তাঁর শিক্ষানুরাগ, উদারতা ও সমাজসেবার মানসিকতা তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলে শিক্ষানুরাগীরা মন্তব্য করে।