জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্টভাবে জানিয়েছেন, মামলা দিয়ে তাকে বা তাদের আন্দোলনকে ভয় দেখানো যাবে না। তিনি বলেন,
“আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।”
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেয়। “আমরা বিশ্বাস করতে চাই, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আগে এই এ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছি। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলি, আমার নামে ১০ কোটি টাকার মামলা হয়। আমরা স্তব্ধ থাকব না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি—আমরা কোনো অন্যায়ের কাছে ছাড় দেব না।”
ডিবি অফিসের গারদে রুহুল কবীর রিজভী, শহীদুল ইসলাম, এ্যানি ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকার স্মৃতিচারণ করে সারজিস বলেন, “সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম।”
তিনি আরও বলেন, “আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানের মতো নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে। সত্যিকারের দেশপ্রেম থাকলে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”