আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই ক্যামেরাগুলো পুলিশের সিনিয়র কর্মকর্তার কাছে থাকবে। বডি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখা যাবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “নির্বাচনের সময় প্রায় আট লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আনসার, পুলিশ, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সব বাহিনী এতে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি বাহিনীকেই নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হবে।”
প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “তারা যেন নির্বাচনী কেন্দ্রেই থাকেন, সেটি নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে থাকবে আনসার ও পুলিশের সদস্যরা।”
বডি ক্যামেরা ছাড়াও মহড়া ও প্রস্তুতিমূলক অনুশীলন পরিচালনার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে বলা হয়েছে, তারা যেন পোলিং ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে।
অন্যদিকে, ৭৬ কর্মকর্তার সংযুক্ত বদলি বিষয়ে তিনি বলেন, “এটি রুটিন কার্যক্রমের অংশ এবং এটি চলমান থাকবে।”
নির্বাচন সামনে রেখে এই ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত প্রস্তুতি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।