জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,
“বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না।”
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন
, “আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। ৫৪ বছরেও দেশের মানুষ অধিকার পায়নি। আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনারে এসেছিলাম। এ দিনে হাসিনার পতনের ডাক এসেছিল। এক বছর হয়ে গেছে, আজও আমরা অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।”
সারজিস আলম শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করার দাবি তুলে বলেন, “আমরা শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি।”
তিনি আরও বলেন,
“আমাদের লড়াই ২৪-এর না। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনি জঙ্গি নাটকও মেনে নেব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে সব দালালকে আর মেনে নেব না।”
এনসিপির এই সমাবেশে নেতারা নতুন সংবিধানের দাবি, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সমাবেশে ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।