অন্তর্বর্তী সরকারকে কঠোর বার্তা দিয়েছেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুরশেদ হাসান খান। তিনি বলেন, “অনেক ছলনা করেছেন, অনেক সময় নিয়েছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি ইতিহাসে নন্দিত হবেন, না নিন্দিত—তা নির্ভর করছে আজকের পদক্ষেপের ওপর।”
শনিবার (২ আগস্ট) বিকেলে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে ড. মুরশেদ বলেন, “আপনারা যদি সত্যিই জনগণের সরকার হিসেবে ইতিহাসে থাকতে চান, তাহলে গণতন্ত্রের পথে ফিরে আসুন।
আর যদি ক্ষমতা আঁকড়ে রাখতে চান, যদি নিন্দিত হতে প্রস্তুত থাকেন—তাহলে জেনে রাখুন, এবার আর পালানোর সুযোগ পাবেন না। এই দেশেই আপনাদের জবাবদিহি করতে হবে।”
তিনি আরও বলেন, “মানুষ এখন আর আগের মতো নিরব থাকবে না। যারা ভাবছেন, ক্ষমতার চেয়ার ধরে রেখে জনগণকে ভুলিয়ে রাখা যাবে, তারা ভ্রান্তির মধ্যে আছেন। সময় এসেছে, যখন সত্য আর মিথ্যার ফয়সালা হবে জনগণের রায়েই।”
ড. মুরশেদ হাসান খান বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে, জনগণ গণতন্ত্র ছাড়া আর কিছু চায় না। অন্তর্বর্তী সরকারকে তাই এখনই নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে। না হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।”
এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন—এটি সময়োপযোগী এবং সাহসী একটি বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের ওপর চাপ বাড়ছে বিভিন্ন দিক থেকে। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার।