জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্টের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে।
সাদিক কায়েম বলেন, ‘এই আন্দোলনের মাস্টারমাইন্ড কেউ থাকলে, সেটা শহীদ ও গাজীরাই। ব্যক্তিকেন্দ্রিক কোনো কৃতিত্ব দাবি করার প্রশ্নই আসে না।’ তিনি জোর দিয়ে বলেন, ৫ আগস্টের আগে যেসব সময় আন্দোলনের নেতৃত্ব অনুপস্থিত ছিল, তখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি বাস্তবায়ন, নয় দফা ফরমেশন তৈরি, মিডিয়ায় তথ্য পাঠানোসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি দাবি করেন, ‘আমি কখনও নিজেকে সমন্বয়ক পরিচয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করিনি। কেউ প্রমাণ দেখাতে পারলে তা মেনে নেব।’ সাদিক কায়েম বলেন, আন্দোলনের পর যারা নিজেদের কোরাম বানিয়ে ‘চাঁদাবাজি ও ব্যবসা’ করছে, তারা আসলে শহীদদের স্পিরিট ধ্বংস করছে।
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব ছিল সব মতাদর্শের মানুষের এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফল। এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একক আন্দোলন নয়। কেউ যদি চেতনার ব্যবসা করতে চায়, আমরা তার বিরুদ্ধেও আন্দোলন করবো।’
সাদিক কায়েম আহ্বান জানান, বিভাজন নয় বরং শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সত্য ইতিহাস জানাতে হবে এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের পথে সবাইকে একত্রে থাকতে হবে।