সোহেল রানা,সিঙ্গাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে সরকারি খাস জমির একটি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বছর উদ্দিন খাঁ নামের এক ব্যক্তি খাল দখল করে সেখানে ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের ওপর ইটের দেয়াল তুলে বাঁশ ও কাঠের স্ল্যাব বসিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। খালের দুই পাশের পানি চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আফসার মিয়া বলেন, “এই খাল দিয়েই বর্ষার পানি বের হয়। ভবন নির্মাণ হলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। প্রায় ৩৫-৪০ ফুট জায়গা সরকারি খাস জমি হলেও পুরোটা দখল করে নির্মাণ চলছে।”
অভিযুক্ত বছর উদ্দিন খাঁ বলেন, “জমিটি সরকারি হলেও চলাফেরার অসুবিধার কারণে ভরাট করে রাস্তা তৈরি করছি। সরকার যদি নিষেধ করে, তাহলে কাজ বন্ধ করে দেব।”
এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ বলেন, “সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। তবে বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”