তরুণদের নেতৃত্বে একটি দায়িত্বশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৭ জুলাই) নেত্রকোনায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি বলেন, “তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামেনি, তারা দায়িত্ব নিয়ে এসেছে।”⟶
নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের চেতনায় জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদের ক্ষমতায় আনার জন্য। এই তরুণরাই সব শ্রেণির মানুষের জন্য একটি নতুন, মর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”⟶
তিনি আরও বলেন, “শেখ হাসিনার সময়ে দেশের সম্পদ লুট করে ক্ষমতাসীন দলের অনেক নেতা-কর্মী পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী সেই সকল ফ্যাসিস্ট অপরাধীদের বিচারের দাবিতে পথে নেমেছি। এই পদযাত্রা নতুন সংবিধানের জন্য, গণপরিষদের নির্বাচনের জন্য—যার মাধ্যমে জনগণ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”⟶
এনসিপি নেতা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন ছিল না, ছিল সাধারণ ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সেই আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে আমরা দেশের প্রতিটি জেলায় গিয়ে মানুষের কথা শুনছি, তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি।”⟶
পথসভায় নেত্রকোনার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে তিনি জানান, এনসিপি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে এসব সমস্যার টেকসই সমাধান করবে। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের অধিকার ও মর্যাদার জন্য রাজনীতি করে, তরুণদের হাতেই গড়ে উঠবে বাংলাদেশের আগামীর নেতৃত্ব।”