খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ পুনরায় চালুর দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক বাংলাদেশি আইনজীবী। রোববার (১৩ জুলাই) এ নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুজ্জামান।
নোটিশে বলা হয়, বাংলাদেশে ধর্মীয় শিক্ষার একটি গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে পিস টিভি বাংলার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলার পর হামলাকারীদের মধ্যে একজন ডা. জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত ছিল—এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সরকার ক্যাবল নেটওয়ার্কে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়।
তবে জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও নীতিগত পুনর্মূল্যায়নের প্রেক্ষাপটে পিস টিভি চালুর দাবি আবারও জোরালো হচ্ছে।
আইনি নোটিশে আইনজীবী আশরাফুজ্জামান উল্লেখ করেন, “পিস টিভি এখনো স্যাটেলাইটের মাধ্যমে ইংরেজি, উর্দু, চাইনিজ ও বাংলা ভাষায় সম্প্রচারে সক্রিয়। শুধুমাত্র বাংলাদেশ ও ভারতে ডাউনলিংক অনুমতি বাতিল করায় তা ক্যাবল নেটওয়ার্কে বন্ধ আছে। সরকার অনুমতি দিলে এটি সহজেই পুনরায় চালু করা সম্ভব।”
ডা. জাকির নায়েক নিজেও গত ১৯ আগস্ট তার ইউটিউব চ্যানেলে বলেন, “আমরা বাংলাদেশে পুনরায় সম্প্রচারের জন্য আবেদন করেছি। যদি অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দেয়, তাহলে কয়েক দিনের মধ্যেই পিস টিভি বাংলা চালু করা সম্ভব।”
নোটিশে সরকারকে ৭ দিনের সময় দিয়ে বলা হয়েছে, এর মধ্যে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।
ধর্মীয় দর্শন, সামাজিক সচেতনতা ও পারিবারিক নৈতিকতা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে পিস টিভিকে পুনরায় চালুর দাবিতে সোশ্যাল মিডিয়াতেও সমর্থনের জোয়ার বইছে।