কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, “আওয়ামী লীগ ও বিএনপি বারবার নির্বাচনের পরীক্ষায় অংশ নিয়েছে। এবার আমাদের একবার সুযোগ দিন। যদি ভালো না করি, দ্বিতীয়বার আসব না।”
বুধবার (৯ জুলাই) বিকেলে কুমারখালী পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কুমারখালী ও খোকসা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বক্তব্য দেন তিনি।
ফয়জুল করিম বলেন, “অন্যান্য দলের কর্মসূচিতে চেয়ার নিয়ে মারামারি হয়। যাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারবে না। আমাদের সমাবেশে শৃঙ্খলা আছে, আমরা দেশকে সুশৃঙ্খল করতে পারি। আমরা বাংলাদেশকে হারামমুক্ত করব।”
তিনি দেশের অর্থনৈতিক বৈষম্যের সমালোচনা করে বলেন, “বর্তমান ব্যবস্থায় গরিব চিরকাল গরিব থাকবে, ধনী আরও ধনী হবে। যাদের ভোট দেন তারা রাতারাতি বটগাছ হয়ে যায়।”
ইসলামি শাসন ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “অনেকে ভয় পান ইসলামি আইন আসলে ঘাড় ধরে দাড়ি রাখাবে। ইসলাম এমন আইন যেখানে ন্যায্য প্রাপ্য তার কাছে পৌঁছে যাবে। চুরি করার দরকার হবে না।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “তারা উন্নয়ন করেছে বললেও শেষ পর্যন্ত পালাতে হয়েছে, কারণ তারা জুলুম-অত্যাচার করেছে। মানুষ এসব আর দেখতে চায় না।”
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা মো. আরিফুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
সমাবেশে বক্তারা সবাইকে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান, যাতে “সবাই মিলে এই প্রতীক ব্যবহার করে জয়লাভের মাধ্যমে দেশের সবার কল্যাণ নিশ্চিত হয়”।