মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আদালতে তোলার সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভেতরেই পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয় দুর্জয়কে। সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ।
দীর্ঘ শুনানি শেষে বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির এবং আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ সিনিয়র আইনজীবীরা।
পুলিশ জানিয়েছে, দুর্জয় মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারনামীয় আসামি। গত বছরের ৩ ডিসেম্বর সদর থানার মামলায় তার নাম ১৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে, মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।
একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া আরেক মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে। ডিম নিক্ষেপের ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ নিরাপত্তা জোরদার করে। উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন দুর্জয়।
পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক বিতর্ক ও মামলার কারণে সাম্প্রতিক সময়ে এলাকায় বিরোধ ও ক্ষোভ তৈরি হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।