পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইমস অব ইসরায়েলের খবরে এমন ইঙ্গিত মিলেছে দেশটির ও আরব অঞ্চলের একাধিক কর্মকর্তার বক্তব্য থেকে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এরপর যুদ্ধবিরতি বা সমাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ইরানের ওপর চাপ তৈরির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের আরব মিত্রদের মাধ্যমে তেহরানকে বার্তা দিয়েছে।
আরব কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধ টেনে নিয়ে যেতে চায় না, দ্রুত এই অভিযান শেষ করতে চায়। তবে ইরান এখনো যুক্তরাষ্ট্রের হামলার জবাব না দিয়ে যুদ্ধ থামাতে রাজি নয়।
এক ইসরায়েলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “হামলা বন্ধ করতে হলে তা হবে পারস্পরিক ভিত্তিতে। উভয়পক্ষকে রাজি হতে হবে।” অন্যদিকে আরেক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানান, “যদি ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয়, তাহলে ইসরায়েল এখনই হামলা বন্ধ করতে পারে।”
চ্যানেল ১২ জানিয়েছে, এই সংঘাত শেষ করার দুটি পথ খোলা রয়েছে: প্রথমত, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধের লক্ষ্য অর্জনের ঘোষণা দিতে পারে। দ্বিতীয়ত, উভয়পক্ষকে নিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে, যদিও ইসরায়েল এই বিকল্পকে কম গ্রহণযোগ্য মনে করছে।
এদিকে ইউরোপীয় নেতারা ইরানকে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?