ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগে ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন ইসহাক দার। রোববার (২২ জুন) পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইসহাক দার বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে প্রকাশ্য ও উসকানিমূলক হামলা চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার যে অধিকার ইরানের আছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’’
তিনি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বলেন, ‘‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ইরানের পাশে আছি। ইসরায়েলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ নিন্দা জানাই। এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ গেছে, যা অত্যন্ত দুঃখজনক।’’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের সামরিক পদক্ষেপের সময় ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর নিরীক্ষা চলছিল। সেই প্রেক্ষাপটে এই হামলা আন্তর্জাতিক আইন, আইএইএ গঠনতন্ত্র এবং একাধিক প্রস্তাবনা লঙ্ঘন করেছে।
এই হামলাকে বিশ্বব্যবস্থার জন্য বিপজ্জনক নজির উল্লেখ করে ইসহাক দার সতর্ক করেন, ‘‘এ ধরনের হামলা শুধু এই অঞ্চল নয়, সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।’’ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?