গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি রবিবার (১ জুন) টঙ্গীতে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ দুটি দাবি উত্থাপন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে রনি বলেন,
“ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন।
অথচ এখন কিছু দল সংস্কারের অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। যারা পরীক্ষায় পাশ করতে পারবে না, তারাই পরীক্ষার সময় পেছানোর দাবি করে।”
রনি সরকারের দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস-এর দুর্নীতির উদাহরণ প্রমাণ করে, এই সরকারের উপদেষ্টারা লুটপাটে ব্যস্ত। জুন পর্যন্ত সরকার থাকলে দুর্নীতি কতদূর গড়াবে তার হিসাব নেই। স্বৈরাচার শেখ হাসিনার পিয়নও চারশ কোটি টাকার মালিক হয়ে গেছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এছাড়া বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ স্থানীয় ওয়ার্ড, থানা ও মহানগর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারা দৃঢ়সংকল্প।