জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের সঙ্গেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি নিজেই।
ঘটনার বিষয়ে শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে আখতার হোসেন জানান, তার গ্রামের বাড়িতে ডাকযোগে একটি হুমকিসংবলিত চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রেরকের ছদ্মনাম লেখা হয়েছে ‘বুলেট’।
আখতার হোসেন পোস্টে লিখেছেন,
“ডাকযোগে আমার গ্রামের বাড়িতে বুলেট নামে এক ব্যক্তি চিঠি পাঠিয়েছেন। আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। যেখানে পাবে, সেখানেই খুন ও ঝামেলায় ফেলে দেবে—এমন বার্তা দেওয়া হয়েছে।”
তিনি আরও লেখেন,
“বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হবে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনও হবো না ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।”
ঘটনার বিষয়ে আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন সাংবাদিকদের জানান, চিঠিটি তিনি ডাকযোগে শুক্রবার (১৬ মে) রাতে হাতে পান। চিঠিতে লেখা ছিল, ‘আমাদের গ্রহণযোগ্যতা নেই, তাই যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে।’
চিঠির বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন আরিফ হোসেন। তিনি বলেন,
“পরিবারের সবাই উদ্বিগ্ন। প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আখতার হোসেনের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। সেখানে ডাকযোগে হুমকি পৌঁছানোয় পরিবারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে—তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে এনসিপি নেতারা তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও দলের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টি দলের ভেতরেও আলোচনা হচ্ছে এবং নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।