পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। রোববার (২৭ এপ্রিল) ভারতীয় নৌবাহিনী এই পরীক্ষা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানানো হয়, তাদের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মহড়া পরিচালনা করা হয়েছে। এতে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা যাচাই করা হয়েছে বলে জানায় তারা।
এদিকে, পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তাঁর মাসিক রেডিও ভাষণে মোদি বলেন,
“প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে। এর উপযুক্ত জবাব দেওয়া হবে।”
তিনি এ ঘটনার পর বিশ্বনেতাদের কাছে ভারতের অবস্থানের পক্ষে সমর্থন আদায়েরও চেষ্টা করছেন।
অন্যদিকে, পাকিস্তানও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসলামাবাদ জানিয়েছে, কোনো ধরনের আগ্রাসন হলে তার জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?