নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এলাকায় আতংক ছড়াতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়িয়া নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
স্থানীয়রা জানায়, গত ১৬ এপ্রিল নাগশোষা গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার একই গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া কাজলের কাছে মাদক কেনাবেচা সংক্রান্ত পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন কাজলের মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনি সরদারের বিরুদ্ধে ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে। এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার আতংক ছড়াতে তার কাছে থাকা রিভলবার ফাঁকা গুলি ছুঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামন বলেন, কাজলকে মারপিটের পর এলাকাবাসী উত্তেজিত হলে মাদক ব্যবসায়ী মনি সরদার এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।