স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা হলে বিএনপি তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।’
বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ফজলুর রহমান।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মোনাফেক আখ্যা দিয়ে দলটির নেতাদের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, ‘বিএনপিকে লাল চোখ দেখাবেন না।’
জনসভায় অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছি। আগে জাতীয় নির্বাচন চাই, পরে হবে স্থানীয় নির্বাচন। যদি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তাহলে বিএনপি তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।’
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না। বিএনপিকে লাল চোখ দেখাবেন না। ১৮ বছর বিএনপির জামার নিচে লুকিয়ে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ি আঁচল দিয়ে আপনাদের সন্তানের মতো লুকিয়ে রেখেছেন।
এখন একটু সুযোগ পেয়েছেন, এমনিতে স্লোগান দেওয়ান ‘‘নৌকা-ধানের শীষ, দুই সাপের এক বিষ’’। আপনারা মোনাফেক।
আপদের যারা আশ্রয় দিয়ে পাললো সামান্য একটু সুযোগ পাইছেন সব দখল করে ফেলেছেন। এখন বলছেন সব ক্ষমতা আমরা নেব, বিএনপি আর আসতে পারবে না।’