ক্ষমতার অজুহাতে বর্তমান সরকার আর সংস্কারে আগ্রহী নয়—এমন মন্তব্য করেছেন আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতাকে ভোগের মাধ্যম হিসেবে দেখছে, দায়িত্ব হিসেবে নয়।
আখতার হোসেন বলেন, গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা বাস্তবায়নে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। নির্বাচনের আগে দলটি গণভোটের পক্ষে থাকলেও এখন তারা কিছু বিষয়ে আপত্তি তুলছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আলোচনার সময় ‘নোট অব ডিসেন্ট’ মূল সিদ্ধান্তকে অস্বীকার করার জন্য নয়, বরং ভিন্নমত তুলে ধরার একটি প্রক্রিয়া। তাই মূল সিদ্ধান্তই কার্যকর হওয়া উচিত।
গণভোটের প্রস্তাবগুলোর মধ্যে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্বে ঐকমত্য ছিল।
শেষে তিনি বলেন, জনগণ এখন সচেতন এবং তারা সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে সরকার কী ধরনের আইন ও সংস্কার উদ্যোগ নেয়, সেটিই এখন দেখার বিষয়।