পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, কেউ যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তাহলে বিএনপির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি কোনো উদ্বেগে নেই বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়াবে না। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রবিরোধী বা আইনবিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে তার দায় আইনশৃঙ্খলা বাহিনী নেবে, বিএনপি নয়। দল হিসেবে বিএনপি শুধু জনগণের সামনে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড তুলে ধরবে।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে শিগগিরই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে।
শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।